সবাইকেই মেধার পরিচয় দিয়েই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (৩০ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে গত বছর যে সুযোগ ছিল, এবারও স্বাভাবিকভাবে যতটুকু বেড়েছে ততটুকুই। তাতে যারা জিপিএ-৫ পেয়েছে তারাসহ সবাইকেই এই পর্যায়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, বিভিন্নভাবে এ পরীক্ষা হবে। কাজেই সেখানে তারা তাদের মেধার পরিচয় দিয়ে, স্বাক্ষর দিয়েই ভর্তির সুযোগ পাবে।’
এ দিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।
শনিবার প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিকট থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রসঙ্গত, এর আগে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত রাখতে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় পরীক্ষা ছাড়াই আজ ঘোষণা করা হলো এইচএসসি ও সমমানের ফল।